ওয়ালটনের ফ্রিজ ও এসি নিচ্ছে হুন্দাই

২০ আগষ্ট, ২০১৯ ১৮:৪৮  
ওয়ালটনের তৈরি ফ্রিজ এবং এয়ার কন্ডিশানার নিচ্ছে হুন্দাই ইলেকট্রনিক্স। এ বিষয়ে ওয়ালটন এবং হুন্দাই ইলেকট্রনিক্সের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের (আইবিইউ) প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম এবং হুন্দাই ইলেকট্রনিক্সের ভারতীয় প্রতিনিধি ও পরিচালক এবং সিওও অভিষেক মালপানি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী হুন্দাইকে প্রাথমিকভাবে ১ লাখ ফ্রিজ এবং ২০ হাজার এসি সরবরাহ করবে ওয়ালটন। এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম এবং পরিচালক এস এম মাহবুবুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর আবদুর রউফ জানান, আন্তর্জাতিক মানের সব শর্ত ও নিদের্শনা মেনে তৈরি হয় বলে ওয়ালটন পণ্য রপ্তানি হচ্ছে বিশ্বের ৩০টিরও বেশি দেশে। ফ্রিজ এবং এসি ছাড়াও ওয়ালটনের কাছ থেকে টেলিভিশন, ওয়াশিং মেশিন এবং হোম অ্যাপ্লায়েন্স নিতে আগ্রহী হুন্দাই।